নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে জেসিআই ঢাকা ওয়েস্ট এর উদ্যোগে ‘প্রজেক্ট নিজের পায়ে দাঁড়াই ৫.০’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ এপ্রিল ও ১ মে রাজধানীর রয়্যাল একাডেমি অব ইন্টারন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট (আরএআইএসডি)-এ অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির পৃষ্ঠপোষক ছিল বাংলা বিটুবি বিটুসি।
আয়োজকরা জানান, গত চার বছরের ধারাবাহিকতায় এ বছর প্রকল্পটির পঞ্চম আসরে ৩০ জনের বেশি সুবিধাবঞ্চিত ও উদ্যমী নারীকে হাতে-কলমে বেকারি ও পেস্ট্রি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। গৃহিণী, শিক্ষার্থী এবং পারিবারিক সহায়তার অভাবে কর্মজীবন শুরু করতে না পারা নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক্সিকিউটিভ সু শেফ মুহাম্মদ খোরশেদ আলম স্বপন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর সু শেফ সিলভেস্টার কল্লোল গোমেজ, ট্রেইনি পেস্ট্রি শেফ শেখ মাহমুদা সুলতানা সারা এবং বেকারি ও পেস্ট্রি ট্রেইনার তারিক বিন সরওয়ার।
জেসিআই ঢাকা ওয়েস্ট-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন বলেন, এ প্রকল্প শুধু প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ।
সংগঠনটির লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অদ্রিকা এষণা পূর্বাশা বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের ডিরেক্টর ও ট্রেইনি পেস্ট্রি শেফ শেখ মাহমুদা সুলতানা সারা বলেন, একজন নারী স্বাবলম্বী হলে পরিবার ও সমাজও উপকৃত হয়। এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করবে।
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে নেক্সটজবজ লিমিটেড, ভার্সাবিজ সল্যুশনস, ভিটাকেয়ার, ক্যাফে রিও, নেরো ক্যাফেসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।