রামিসা হত্যা
সাত বছর বয়সি শিশু রামিসাকে হত্যার বিচারের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় একাধিক স্থানে লোকজন সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় বিক্ষোভকারীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই' ইত্যাদি স্লোগান দেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে এলাকাবাসী সড়ক আটকে বিক্ষোভ শুরু করেছেন। মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর ছাড়াও কালশী এলাকায় নেমেছেন তারা।’ রাত সাড়ে ৯টার সময়ও সড়কের বিভিন্ন স্থানে আটকে তারা অবস্থান করছেন বলে জানান ওসি।
এর আগে বিকেলে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত অস্থানসহ কয়েকদফা মিছিল করতে দেখা যায় স্থানীয়দের।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘সাত দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি দিতে হবে। বাংলাদেশে অনেক বিচার হয় না। এ বিচারের জন্য আমরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে চাই না।’
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সি শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানাকে পরে গ্রেপ্তার করা হয়, যিনি ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের পর হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।