ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এর পিছন থেকে অজ্ঞাত (৬০) মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বৃদ্ধার খবর দিলে, ওসেকের পিছন থেকে নারীকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। পরবর্তীতে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বৃদ্ধা মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে, সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।