রাজধানীর বসিলায় একটি বাসার বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বুধবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৯৯৯-এ পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পরিদর্শন আনোয়ার জানান, বসিলা মধ্যপাড়ার শাহী নূর মসজিদ এলাকার এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, কালিমুল্লাহ নামের এক ব্যক্তির তিনতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষের বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে একটি শটগান রাখা রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ থেকে বিষয়টি দ্রুত হাজারীবাগ থানাকে জানানো হয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুমের ফলস সিলিংয়ে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শটগান উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শটগানটিতে ‘এসটি-১২, টরাস, বিপি-এমটিসিএল, এসএইচআর১৬৫৭৭১, মেড ইন ব্রাজিল’ লেখা রয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।