বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
গাছ রোপণের ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বাড়িঘরের সামনের রাস্তা পরিষ্কার রাখতে হবে। মার্কেটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত জায়গায় ময়লা ফেলতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হকার বসলেও তারা ময়লা আবর্জনা পরিষ্কার করছে না। তাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।
আব্দুস সালাম বলেন, বাসাবাড়ির ময়লা পরিস্কারের বিষয়ে কোথাও থেকে অভিযোগ আসলে ঠিকাদারদের আর টেন্ডার দেওয়া হবে না।
বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে জরিপ করা হয়েছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, জরিপে ৬৫ শতাংশ বাসা বাড়িতে লার্ভা পাওয়া গেছে। নতুন ওষুধ বা ট্যাবলেট যেসব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না সেখানে সরবরাহ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে।