রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মিরপুর-১০ নম্বরের সেনপাড়া সংলগ্ন মুন্সি বাড়ি রোড এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিজুকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশী আসাদুল জানান, রাতে নিজ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন সাইফুল ইসলাম সিজু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।
তিনি আরও জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত সাইফুল ইসলাম সিজুকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, মিরপুর-১০ এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি-কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জেরে এ সশস্ত্র হামলা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
এ ছাড়া আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।