রাজধানীর শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকা থেকে এক অজ্ঞাতনামা পুরুষের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১) জুলাই সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বেলা ১২টা ২৫ মিনিটে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পেয়ে বাংলামোটরের ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে সাইফুল ইসলামের একটি পরিত্যক্ত বাড়িতে গেলে সেখানে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভিকটিমের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।