রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের লাইন কাটতে গিয়ে মো. হাইদার হোসেন (৩৫) নামে বিদ্যুৎ অফিসের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে বিকেল ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা শুক্কুর আলী জানান, হাইদার হোসেন বিদ্যুৎ অফিসের কর্মী ছিলেন। বনানী থানাধীন কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন তিনি।
কাজ করার একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক ৪টা ২০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বর্তমানে তিনি ঢাকার উত্তর বাড্ডাতে থাকতেন। নিহতের পিতার নাম মো. মহসিন ফরাজী। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।