আজ রোববার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে ঢাকার নিউমার্কেটের সব দোকানপাট। রাজধানীতে টানা ভারিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ছাড়া নিরাপত্তার ঝুঁকি এড়াতে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দোকানপাট খোলা সম্ভব হয়নি। ফলে সকাল থেকেই মার্কেটের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও প্রায় নেই বললেই চলে।
ফিরোজ উল ইসলাম বলেন, বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে। পরিস্থিতির উন্নতি হলে সোমবার দোকানপাট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।