আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও ডিজিটাল গ্রাহকসেবায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১৯ আগস্ট) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সেশনে তিনি এসব নির্দেশনা দেন।
ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এর প্রথম ধাপে ২৫ জন সিনিয়র কর্মকর্তার অংশগ্রহণে গত ১৫ আগস্ট থেকে প্রশিক্ষণ চলছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাহিনীর অগ্রগতিতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভূমিকা, ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংক আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা আরও জোরদার করা হলে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
তিনি ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনে ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নে Core Banking System (CBS) বাস্তবায়নের পাশাপাশি BACH, NPSB ও BEFTN/EFT-সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে বলে প্রত্যাশা করা হয়।
এ সময় নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।