ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাহবাগ ছেড়েছেন বিক্ষোভকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাদিকে দাফনের পর সেখানে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।তারা সেখানে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে পুরো শাহবাগ এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দলবেঁধে তারা সেখানে অবস্থান করেন। এরপর ছোট ছোট দলে তাদের সেখান থেকে চলে যেতে দেখা যায়। বিক্ষোভকারীদের ভিড় কমে এলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল করতে শুরু করে। চারদিকের সড়কেই গাড়ি চলতে শুরু করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে।
সংসদ ভবন চত্বরে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে। জানাজা স্থল থেকে মরদেহ ক্যাম্পাসে আনার জন্য বেলা আড়াইটার পর থেকে শাহবাগে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
জানাজা ও দাফনের পর শাহবাগে জমায়েত বাড়তে থাকে। সেখানে ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘হাদির স্বরণে ভয় করি না মরণে’ ‘তাকবিরের স্বরণে, ভয় করি না মরণে’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।