দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬ সম্প্রতি চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহীম ডি. মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন মুর্শেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় ডিলাররা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যবসায়িক সাফল্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই কনফারেন্সে ডিলারদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচিত ডিলারদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, উন্নত প্রযুক্তি এবং ডিলারদের আন্তরিক সহযোগিতার কারণেই কাই-এ্যালটেক গ্রুপ দেশের অ্যালুমিনিয়াম শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু ব্যবসায়িক অভিজ্ঞতাই নয়, বরং দেশ ও আন্তর্জাতিক পরিবেশে পারস্পরিক ব্যবসায়িক কৌশল বিনিময়, সুসম্পর্ক স্থাপন, এবং নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগও পান।