রায়পুরা উপজেলা নির্বাহী অফিস ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’-এর চ্যারিটি পার্টনার হিসেবে অরফান লাভ ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই সমঝোতা চুক্তির আওতায় ম্যারাথনের প্রতিটি রেজিস্ট্রেশন ফি থেকে একটি নির্ধারিত অংশ অরফান লাভ ফাউন্ডেশনের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। পাশাপাশি, ম্যারাথনের ‘কিডস রান’-এ অংশগ্রহণ করবে ফাউন্ডেশনের একঝাঁক খুদে এতিম শিক্ষার্থীরাও।
২১ জুলাই মঙ্গলবার রায়পুরা উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রায়পুরার ইউএনও মো. মাসুদ রানা, অরফান লাভ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক ডা. ওসামা বিন নূর এবং রায়পুরা রানার্স কমিউনিটির পক্ষে রেস পরিচালক সবুজ শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনও মো. মাসুদ রানা বলেন, ‘রায়পুরা ম্যারাথনকে অংশগ্রহণমূলক করতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। এর মাধ্যমে শিশুরা যেমন ম্যারাথনের অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও আমাদের অবদান থাকবে।’
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডাইরেক্টর সবুজ শিকদার বলেন, ‘অরফান লাভ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সঙ্গে এই পার্টনারশিপ রায়পুরা ম্যারাথনকে একটি অনন্য সামাজিক উদ্যোগে পরিণত করেছে।’
অরফান লাভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ওসামা বিন নূর রায়পুরা উপজেলা নির্বাহী অফিস ও রায়পুরা রানার্স কমিউনিটিকে এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ম্যারাথন ও সামাজিক দায়বদ্ধতার এমন সমন্বিত আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে শুধুমাত্র এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কিডস ম্যারাথন আয়োজনেরও আমাদের পরিকল্পনা রয়েছে।’
ম্যারাথনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://raipuramarathon.run