গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুরাইয়া সিদ্দিকা। এর আগে তিনি প্রতিষ্ঠানটির বিক্রয়, বিপণন ও সাপ্লাই চেইন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন এ নিয়োগকে তার দীর্ঘ পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
দুই দশকেরও বেশি সময় ধরে বহুজাতিক ও সামাজিক উদ্দেশ্যনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে সুরাইয়া সিদ্দিকার। ২৩ বছরের পেশাগত জীবনে তিনি নেসলে, ব্র্যাক এন্টারপ্রাইজেস, ইগলু আইসক্রিম এবং গ্রামীণ ডানোন ফুডসের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বাণিজ্যিক নেতৃত্বে দক্ষতার জন্য তিনি পরিচিত। আধুনিক খুচরা বাজারে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন এবং কার্যকর বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে বিক্রয় ও খুচরা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব তৈরিতেও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশন থেকে 'এশিয়ার সেরা নারী মার্কেটার' সম্মাননা এবং সিএমও এশিয়া থেকে 'বাংলাদেশ উইমেন লিডার অ্যাওয়ার্ড' লাভ করেন।
গ্রামীণ ডানোনে দায়িত্ব পালনকালে তিনি পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য করার উদ্যোগ, প্লাস্টিক পুনর্ব্যবহার করে ব্যবহারযোগ্য চামচ তৈরির মতো সার্কুলার ইকোনমি প্রকল্প এবং দেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন দায়িত্বে সুরাইয়া সিদ্দিকা প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, পুষ্টিকর খাদ্যের বিস্তার এবং টেকসই কৃষিভিত্তিক সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।