বাংলাদেশে নতুন ব্র্যান্ড পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে মোবাইল অপারেটর এয়ারটেল। এখন থেকে ‘সার্কেল’ নামে ব্র্যান্ডটির নতুন অধ্যায়ের সূচনা করবে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে এয়ারটেলের ১৬ বছরের গ্রাহকসম্পৃক্ততা ও তরুণ প্রজন্মকেন্দ্রিক পথচলায় নতুন মাত্রা যুক্ত হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘সার্কেল’ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ পরিবর্তন কেবল ব্র্যান্ড পরিচয়ের ক্ষেত্রে। গ্রাহকদের সঙ্গে অপারেটরের বিদ্যমান সম্পর্ক ও সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ সিরিজের নম্বর, বর্তমান সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে।
এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)–সংক্রান্ত অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এসব সেবা ও তথ্য আগের মতোই নিরাপদ এবং সচল থাকবে।
জানানো হয়েছে, এয়ারটেলের দীর্ঘদিনের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়কে ভিত্তি করেই নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। গত ১৬ বছরে দেশের তরুণদের জীবনযাপন, আগ্রহ ও আকাঙ্ক্ষার সঙ্গে এয়ারটেলের যে সম্পৃক্ততা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে ভবিষ্যৎ প্রযুক্তি ও ডিজিটাল সক্ষমতার সমন্বয়ে নতুন ব্র্যান্ডটি গড়ে তোলা হয়েছে।
আরও জানানো হয়, ‘সার্কেল’ গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে। মানুষের পরিবর্তিত যোগাযোগের ধরন এবং ক্রমবর্ধমান ডিজিটাল জীবনযাত্রাকে বিবেচনায় রেখে ব্র্যান্ডটির সেবা ও উদ্যোগ সাজানো হয়েছে।
ব্র্যান্ডটির মূল দর্শন হলো—বাস্তব সংযোগ মানুষের পরিচয় ও সম্পর্ককে আরও দৃঢ় করে এবং গুরুত্বপূর্ণ মানুষ, কমিউনিটি ও অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে আসে। সেই অর্থবহ সংযোগ তৈরিতে সহায়তা করাই ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই ধারাবাহিকতার পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসবে না।
তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই যথেষ্ট নয়, বরং সেই সংযোগকে অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। ‘সার্কেল’ এয়ারটেলের সেই বিবর্তনেরই প্রতিফলন। নতুন এই অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে আরও এগিয়ে নিতে পেরে তারা গর্বিত।
‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল।’ তরুণদের নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হিসেবে পাশে থাকার লক্ষ্য থেকেই এই প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে।
বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেবে নতুন ব্র্যান্ডটি।
রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো সময়জুড়েই গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে। এ সময় এমএফএস অ্যাকাউন্ট ও ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্য নিরাপদ ও স্বাভাবিকভাবে সচল থাকবে।
ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে ভবিষ্যতেও নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ‘সার্কেল’-এর।