খালেদা জিয়ার মৃত্যুতে শোক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। শোক পালনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানাধীন হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্স বুধবার (৩১ ডিসেম্বর) রাতের জন্য নির্ধারিত সব সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে।
মঙ্গলবার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার প্রয়াণে হোটেলের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ গভীরভাবে শোকাহত। দেশের এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেছেন।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া এই দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় নেত্রী। দেশের ব্যাবসা, রাজনীতি এবং অর্থনীতিতে তার অসামান্য অবদান রয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং তার স্মৃতির প্রতি সম্মান জানাতেই আমরা আমাদের হোটেলগুলোর সব বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংক্রান্ত কোনো পরিবর্তিত তথ্য বা আপডেট থাকলে তা যথাসময়ে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।