জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও তদবির-বাণিজ্যের অভিযোগের কোনো সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার (০৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
তিনি দাবি করেন, প্রায় ১১ মাসের অনুসন্ধান শেষে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে ও তার বিরুদ্ধে জারি করা বিদেশযাত্রার নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।
পোস্টে আদালতের রায়ের একটি কাগজ সংযুক্ত করেন তিনি। সেখানে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, দুদকের আবেদনের ভিত্তিতে গত বছর ২৪ মে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে পরের অনুসন্ধানে অভিযোগের সত্যতা না পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের ফলে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন আদালতে দাখিলের অনুমতি দেয়।
পরে আদালত বিষয়টি পর্যালোচনা করে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে জারি করা বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহারের (রিকল) আদেশ দেন।