যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করা এবং ইরান যুদ্ধ নিয়ে তার বক্তব্যে করতালি দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন এই সুপারস্টার এবং তার দল ইন্টার মায়ামিকে বৃহস্পতিবার (৫ মার্চ) সম্মান জানাতে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মায়ামি অধিনায়কের এমন আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে ইরান যুদ্ধের মতো একটি সংবেদনশীল বিষয়ে ট্রাম্পের ব্রিফিংয়ে তার উপস্থিতি ও সমর্থন অনেকেই ইতিবাচকভাবে দেখছেন না।
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসাও পান মেসি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছেন ভক্তরা।
তাদের একজন এক্সে লিখেছেন, ‘ইরানকে পরাজিত করার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে হাততালি দিলেন লিওনেল মেসি। তার ভক্তরা কী বলবেন?’