জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দঘন দিনে ভয়াবহ দুর্ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও এক শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) রাতে ঘটনার বিষয়টি নাগরিক প্রতিদিনকে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান। এর আগে বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা ও আবির নামের আরও এক শিশু।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই আংশিক ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। সে সেতুতে ঈদ উপলক্ষে মানুষের ভিড় বাড়লে অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। সবাই সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ হয় কয়েকজন শিশু।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে। আহত এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার কাজ চলমান রয়েছে। নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’