ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় ৫ জন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। রোববার (২২ মার্চ) রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়।
এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলায় ধাক্কা দেয়। এতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলেরসংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।