প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ আভিযানিক দল।
রোববার (২২ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে একটি ভুয়া প্রজ্ঞাপন (গেজেট) তৈরি করেন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
পরবর্তীতে এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠান। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।
তদন্তে আরও জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তিনি সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন। সেখানে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসনকারী’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রের পক্ষ থেকে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান ও বাসস্থানের সুবিধা পাওয়ার দাবি তুলে ধরা হয়।
এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্যসচিব পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।