বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মার্চ) রাত ৮টায় উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬ এর একটি দল।
আটক মঞ্জারুল পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালিতাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম শিকদার।
র্যাব সূত্রে জানা যায়, মঞ্জারুল ফেনী জেলা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কচুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুর রহমান বলেন, র্যাব এর পক্ষ থেকে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল নামের এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।