মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার গোপালনগর গ্রামের রুপক ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোটরসাইকেলে জ্বালানি নিতে ফিলিং স্টেশনে যান গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল। এ সময় স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়, মুহূর্তেই যা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর কোনো সদস্য না থাকায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস নাগরিক প্রতিদিনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় আবারও সংঘর্ষ হতে পারে।