সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রী সেজে বাস কাউন্টারে উপস্থিত হয়ে অতিরিক্ত ভাড়া আদায় হাতেনাতে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে কাউন্টার মালিককে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারে ঢাকাগামী বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
ইউএনও জানান, সোনামুখী বাজারের বাস কাউন্টার থেকে ৩৫০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অভিযোগ আসে। গত ২৪ মার্চ থেকে কয়েকজন ব্যক্তি অভিযোগ করলেও তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে শুক্রবার বিকেলে ইউএনও নিজেই মুখে মাস্ক ও ক্যাপ পরে অটোচালিত রিকশায় করে যাত্রী সেজে বাস কাউন্টারে যান। সেখানে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরেন।
এ সময় অভিযুক্ত কাউন্টার মালিক মো. রুবেল হোসেন (রানা)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ১২ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।