চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা ডিসি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন যানবাহন মালিকেরা।
হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিড় করেছেন। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে দুই যানবাহন মালিক ঘুসাঘুসিতে জড়িয়ে পড়েন।
জানা গেছে, সোমবার ও মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র,গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি জমার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ব্যতীত তেল ক্রয় করা যাবে না।
প্রতিদিন চুয়াডাঙ্গা জেলায় ২২টি তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। রাত-দিন ২৪ ঘন্টায় কৃষকরা পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।