সিলেট মহানগরের ফুটপাত সৌন্দর্যবর্ধনের জন্য বসানো রঙিন টাইলস এখন নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি সঠিক তদারকি ও সমন্বয়ের অভাবে উল্টো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।
নগরের জিন্দাবাজার, বারুতখান, মিরাবাজার, চৌহাট্টা ও উপশহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ফুটপাতে বসানো হয় এসব রঙিন টাইলস। শুরুতে পথচারীদের কাছে আকর্ষণীয় মনে হলেও কয়েক বছরের মধ্যেই প্রকল্পটির নানা ত্রুটি সামনে আসে।
সম্প্রতি ড্রেন পরিষ্কারের জন্য বিভিন্ন স্থানে টাইলস ভেঙে ফেলা হয়। এতে ফুটপাতজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। নগরবাসীর দাবি, অপরিকল্পিতভাবে বাস্তবায়িত এই প্রকল্পের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হোক।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর বলেন, টাইলস বসানোর সময় ঠিকাদাররা পরিকল্পনা অনুযায়ী কাজ করেননি। ফলে ড্রেন পরিষ্কারের জন্য টাইলস ভাঙতে হয়েছে। তবে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, সিটি করপোরেশনের তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যথাযথ পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় অনিবার্য হয়ে পড়ে।
স্থপতি রাজন দাশ বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জরুরি। তা না হলে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটবে।
‘দ্বিতীয় লন্ডন’ খ্যাত সিলেট মহানগরের মর্যাদা ধরে রাখতে পরিকল্পিত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নগরবাসী।