বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে শাহানাজ বেগম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত শাহানাজ বেগম ওই গ্রামের মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতরে থাকা পুত্রবধূকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে স্বজনরা গুরুতর আহত অবস্থায় শাহানাজ বেগমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। এসময় শাহানাজ বেগমের ছেলে সজিব ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন এবং জানান, বাড়িতে অপরিচিত লোকজন প্রবেশ করেছে।
তিনি বলেন, ‘বাড়িতে পৌঁছে দেখি বড় আম্মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার গলায় ছুরিকাঘাত করা হয়েছে। সজিবের স্ত্রীকে অন্য একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।