হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭িএপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাড়াগাঁও হাওর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড়বান্দ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।