ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে ১৩ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২ জন, রাজাপুরে ৬ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, এ ছাড়া হাম-রুবেলা সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন শিশুকে ভর্তি করা হয়েছে, যাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। তিনি জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে রোগের বিস্তার রোধে ঝালকাঠির নলছিটি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৬ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।