ঢাকার দোহারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী আতিকুর রহমান জুয়েল (৫৪) নামে একজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় আফসার উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ বছর আগে পূর্ব সুতারপাড়া এলাকার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ওই নারীর অন্যত্র বিয়ে হলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয় জুয়েল।
ভূক্তভোগী নারী জানান, জুয়েলের সঙ্গে মেলামেশা না করলে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেজবুকে ও তার স্বামীর কাছে ছড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দেয় জুয়েল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও ওই নারীর স্বামীর কাছে তাদের পূর্বের অন্তরঙ্গ ছবি ও ভিডিও পাঠায় জুয়েল। এসময় সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে জুয়েলকে প্রধান আসামি করে গত মঙ্গলবার দোহার থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। পরে ওইদিন রাতে জুয়েলকে গ্রেফতার করে পরদিন আদালতে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী নারীর স্বামী বাচ্চু বেপারী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে তার বিয়ের আগে সম্পর্ক ছিলো এটি আমি জানতাম না। কিন্তু, আমাদের বিয়ের পর জুয়েল আমার স্ত্রীকে হুমকি দেয় এবং তাদের পূর্বের অন্তরঙ্গ ছবি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আমাদের সামাজিক সম্মান ক্ষুন্ন হয়।’
তিনি আরও বলেন, ‘জুয়েলের কারনে আমার চাকরি চলে যায়। আমি এর বিচার চাই।’
দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।