কক্সবাজারে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এলাকাবাসী পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত না হলেও পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তার স্বামীর নাম সাইফুল রহমান।
স্থানীয়দের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তার স্বামী সাইফুল রহমান দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নেন। তবে প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি কম্বলে মোড়ানো ছিল এবং তা অর্ধগলিত অবস্থায় ছিল। এ ছাড়া মরদেহের মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছে।
তিনি আরও জানান, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।