সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের নিয়মিত টহল চলাকালে হরিণ শিকারের ২৫টি বিষাক্ত ‘মালা ফাঁদ’ উদ্ধার ও অপসারণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশনের আওতাধীন মন্দিরের খাল এলাকা থেকে এই ফাঁদগুলো উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে,বনের গহীনে বন্যপ্রাণী শিকারি চক্রের তৎপরতা বন্ধে নিয়মিত ‘ফুট পেট্রোলিং’ বা পায়ে হেঁটে টহল পরিচালনা করা হচ্ছিল। টহল চলাকালীন মন্দিরের খাল এলাকায় গাছের সঙ্গে পেতে রাখা এসব ফাঁদ দেখতে পান বনরক্ষীরা। পরে সেগুলো বিচ্ছিন্ন করে বন কার্যালয়ে নিয়ে আসা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (এসও) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দরবনের হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। শিকারি চক্রের অপতৎপরতা রুখতে টহল জোরদার করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করার কাজও চলছে।
বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।