ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর এলাকায় একটি সড়কের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান ও অগ্রগতি নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে লোকমান হোসেন বাঁশ নিয়ে প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন।
ঘটনাটি জনসম্মুখে ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে প্রকৌশলী তরিকুল ইসলাম সেখান থেকে নিরাপদে সরে যান।
এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারি কর্মকর্তার ওপর এমন আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।