নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে জামিরুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামিরুল উপজেলার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
রোববার (১০ মে) সকাল ৯টার দিকে কেন্দুয়া পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, জামিরুল স্থানীয় একটি হাঁসের খামারে কাজ করতেন। গত শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলেও জানিয়েছে পরিবার।
স্থানীয়রা সকালে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামিরুল শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি একটি হাঁসের খামারে কাজ করতেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।