যশোরের শার্শা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের আতিয়ার রহমানের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৪২) সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।