লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত থেকে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রতিহত করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধবলগুড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা কাটাতারের ভেতরে ফিরে যান।
জোংড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়েছিল। পরে বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।