বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ আটজন দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- রুমান, রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম।
আটকের পর তারা জানান, দীর্ঘদিন ধরে তারা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ও ভেতরে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করতেন। উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের আশপাশের অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। আর এ জন্য তারা ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমিশন পান। রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়াই ছিল তাদের দায়িত্ব।
এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ আসছিল। প্রায়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়েও দালালদের দৌরাত্ম বন্ধ করা যাচ্ছিল না। রোববার (১১ মে) স্বাস্থ্যমন্ত্রী বরিশাল সফরে এসে এ বিষয়ে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ শতভাগ সফল করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।