গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত রিকশাচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় আনোয়ারা নিট কম্পোজিট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিকশাচালক খালি রিকশা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যাওয়ার সময় একই দিকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় রিকশাটি উল্টে যায় এবং রিকশাচালক গুরুতর আহত হন। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা এগিয়ে এলেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক কাভার্ডভ্যান চালক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।