চাঁপাইনবাবগঞ্জে ‘ডিবি’পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় আল সিহাব (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আল সিহাব গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে । তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা যায়।
স্থানীয়রা জানান, এক বৃদ্ধকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন সিহাব। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা সিহাবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে উপস্থিত জনতা তার পরিচয়পত্র দেখতে চান। তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছেন।
এর আগে বুধবার (১৩ মে) রাতে সিহাব ডিবি পরিচয় দিয়ে শ্রী সিবাস নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।