বগুড়ার নবগঠিত উপজেলা মোকামতলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জলের ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার রেজাউল করিমের ছেলে রাব্বী ও আবদুল আহাদের সঙ্গে তিন শতক জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।
সোমবার সকালে তাদের মধ্যে আবার বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আহাদ প্রথমে ইয়াছিন আলীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন। পরে সুমন মোল্লা পালানোর চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ আবদুল আহাদ নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।