কুষ্টিয়ার খোকসায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এছাড়াও অনন্ত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ২০-৩০ জনের অবস্থা গুরুতর।