চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এবং সামি উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত তানবীর ইসলাম জয় (১৮)-কে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হন। দুপুরে আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।