দেশের কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালনের ঘটনা থাকলেও এবার সৌদির এক দিন আগেই ঈদ পালন করেছেন ফরিদপুরের সদরপুরের এক দরবার শরীফের অনুসারীরা।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই দরবার শরীফ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক। জামাতে দরবারের ভক্তসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের সদস্য অংশ নেন।
দরবারের অনুসারীরা বলছেন, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে। প্রতি বছরই আগাম ঈদ জামাতে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে আসেন।
দরবারের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‘আমরা ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।’
উল্লেখ্য, সৌদি আরবে এবারের ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে তথা বুধবার। সেই হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উদযাপিত হবে।