প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর এলিট কনভেনশন হলে আয়োজিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী আয়োজনে একাডেমিক দিকনির্দেশনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
ওরিয়েন্টেশন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। নিজের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরে তিনি নবীনদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল বাড়তি আকর্ষণ। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এ পর্বে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি, একাডেমিক নির্দেশনা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।