ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মা সালমা খাতুন (৩৪)।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের শাহীনুর রহমান ও সালমা খাতুনের ছেলে
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঝড় এবং বৃষ্টিপাতের কারণে শাহীনুরের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। বেলা ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর জানান, গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলে হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যায়।