আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছেন ঢাকার অধিকাংশ মানুষ। যার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় বেড়েছে যানবাহন ও যাত্রীদের চাপ। তবে ঈদের আগের দিনও ঘাট এলাকায় চলছে সড়ক সংস্কার কাজ। এতে বিপাকে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, তিন নম্বর ঘাট এলাকার পন্টুনে ওঠানামার জায়গায় শ্রমিকরা ইটের কাজ করছেন। ওই কাজের কারণে এই ঘাটে প্রায় ত্রিশ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ইট বিছানোর পরও সংস্কার কাজ শেষ হয়নি। তবে ঘাট চালু করা হয়েছে। এছাড়া ৩ নম্বর পন্টুনের সংযোগ সড়কের প্রবেশপথেও সংস্কার করা হচ্ছে। এতে যানবাহন ওঠানামা ও যাত্রীদের চলাচলে ভোগান্তি বেড়েছে।
সিরাজুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ঈদযাত্রায় হাজার হাজার মানুষ পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়। আজ সবচেয়ে বেশি চাপ বেড়েছে। এই সময়েও পন্টুনে ইটের সংস্কার করা হচ্ছে। যার কারণে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
তৌফিকুর রহমান বলেন, এইসব প্রস্তুতি তো আগেই নেওয়া উচিত। একদিকে যাত্রী ও বাস যাচ্ছে, আরেক দিক দিয়ে শ্রমিকরা কাজ করছেন। যাত্রীদের পন্টুনে উঠতে-নামতে সমস্যা হচ্ছে। এবার স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ি যেতে বেশি সময় লাগবে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। ৫ নম্বর ঘাট দিয়ে ছোট গাড়ি, ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে পরিবহন বাস পারাপার করা হচ্ছে।
ঘাট সংস্কারের বিষয়ে জানতে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে গত সপ্তাহে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, পাটুরিয়া ঘাটের সংস্কার কাজ ঈদযাত্রার আগে শেষ হবে।