সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি লাল রঙের শাড়িও উদ্ধার করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) অবহিত করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।