কুষ্টিয়ার সদর উপজেলায় একটি রিভলভার, ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাবিল মোড় এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র সক্রিয় সদস্য। তার কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে গণপিটুনিতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।