ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. শাহজাহান মিয়াকে (৫০) আটক করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার (৬০৩) ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে অভিযান পরিচালনা করে র্যাব। পরে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় ইঞ্জিনের ভেতর থেকে ভারতীয় গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে ট্রেনের চালক শাহজাহান মিয়াকে আটক করা হয়।
র্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, মাদক চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, র্যাব মামলা হস্তান্তর করলে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।