জামালপুরে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধায় জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বড়টোডা বিশনাউড়ি এলাকার আক্তার হোসেন (৪৫), শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার মিন মোক্তার ওরফে মনির হোসেন (৪৬) ও বিল্লাল হোসেন (৫৫) এবং কুরুয়া দক্ষিণপাড়া এলাকার প্রাইভেট কারচালক সাগর (৩০)।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ গাঁজা জামালপুর শহরে আনা হচ্ছে এমন খরবে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সাদা রঙের টয়োটা প্রবোক্স প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।
তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়দের সামনে গাড়ির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি স্টিলের গোপন চেম্বার তল্লাশি করে কস্টেপে মোড়ানো ছয়টি প্যাকেট থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলায় মাদককারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।